রাউজান, চট্টগ্রাম, ১৪ এপ্রিল ২০২৬: রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ বিএনপি নেতা দিদারুল আলম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

মরহুম দিদারুল আলম দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তিনি ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাউজানের সর্বস্তরের মানুষ শোকাহত।

রাউজান আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এদিকে, একইদিন রাত ৯টায় পশ্চিম ডাবুয়া গাউছিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও রাউজানের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।