দিনাজপুর, বীরগঞ্জ (বাংলাদেশ):
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ও জমকালো বর্ষবরণ অনুষ্ঠান। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) দিপংকর বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী নানা আয়োজন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বটতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী পান্তাভাত পরিবেশন।
তিন দিনব্যাপী এ উৎসবে স্থানীয় প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠনগুলো বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ ধারাকে তুলে ধরে। উৎসবমুখর পরিবেশে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা ও সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু, বীরমুক্তিযোদ্ধা করিরুল ইসলাম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, তদন্ত কর্মকর্তা শিহাব উদ্দীন, পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। নারী-পুরুষ সবাই বর্ণিল সাজে শোভাযাত্রায় অংশ নিয়ে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন।
প্রধান অতিথি এমপি মনজুরুল ইসলাম মঞ্জু আয়োজনে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখে।”