সালথা, ফরিদপুর, বাংলাদেশ: ফরিদপুরের সালথা উপজেলায় মাদক সেবনের দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুইজনকে এক মাস করে এবং একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—গন্টি ইউনিয়নের কানাইড় গ্রামের হালিম শেখের ছেলে রাজিব শেখ, কসবা গন্টি গ্রামের বিল্লাল শেখের ছেলে জিলাল শেখ এবং পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ধুলারহাটি গ্রামের তৈয়বুর শেখের ছেলে তুহিন শেখ।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজিব শেখ ও জিলাল শেখকে এক মাস করে এবং তুহিন শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানের সময় সালথা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। মাদকবিরোধী অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।