ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা-এ সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে সালিসি বৈঠক চলাকালে এক বৃদ্ধা মাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার সৎ সন্তানদের বিরুদ্ধে।

রবিবার (১২ এপ্রিল) উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহত মনোয়ারা বেগম (৬০) একই গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক সম্পত্তি ও বসতভিটা নিয়ে মনোয়ারা বেগমের সঙ্গে তার সৎ ছেলে হিরু মাতুব্বর, রিপন মাতুব্বর ও ফিরোজ মাতুব্বরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ঘটনার আগের দিন শনিবার তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়।

পরদিন রবিবার বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে সালিসি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের একপর্যায়ে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে সৎ ছেলেরা মনোয়ারা বেগমের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় মাকে রক্ষা করতে গিয়ে তার ছেলে আব্দুর রহমান রাজ্জাক (২৯) আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায়। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ফরিদপুর-এর সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, ভুক্তভোগীর পরিবারকে থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।