লালমনিরহাট, ১২ এপ্রিল ২০২৬: লালমনিরহাট জেলা সদরে ভেজাল পণ্য ও অবৈধ ভোজ্য তেল মজুদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভোক্তা পণ্যে ভেজাল ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নেতৃত্বে জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প থেকে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেয় র‍্যাব-১৩ এবং লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শেখ সাদী। যৌথভাবে পরিচালিত মোবাইল কোর্টে ভোজ্য তেলের অবৈধ মজুদ, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং ভোক্তা পণ্যে ভেজাল দেওয়ার অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়।

অভিযান চলাকালে আইরিন ট্রেডার্স, রাজপুর ট্রেডার্স এবং আওলাদ ট্রেডার্স নামক তিনটি প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভেজাল খাদ্য ও অবৈধ মজুদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।