গোপালগঞ্জ, ১২ এপ্রিল ২০২৬: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানা পুলিশের একটি দল উপজেলার রাতইল ইউনিয়নের রাতইল গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় তার বসতঘর তল্লাশি করে প্রায় ১০ হাজার পিস ইয়াবা, ২ কেজি গাঁজা এবং নগদ ৪ লাখ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাফিছুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আকাশ ওই এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে এই অভিযান পরিচালনা করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে গোপালগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।