“জ্বালানি সংকট রুখতে চাই, নবায়নযোগ্য শক্তির বিকল্প নাই”—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরিবেশ সুরক্ষায় সাইকেল যাত্রা ও আলোচনা সভা।

শনিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক, গ্রিন কোয়ালিশন, মানিকগঞ্জ সাইক্লিস্ট ক্লাব এবং স্থানীয় যুব স্বেচ্ছাসেবকদের উদ্যোগে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বিজয় মেলা) মাঠ থেকে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি শুরু হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। গ্রিন কোয়ালিশনের সভাপতি কৃষিবিদ আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী (ক্রাইম অ্যান্ড অপস), মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ড. মোসাঃ মমতাজ সুলতানা, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জাফর ইকবাল, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী হাসিবুল হাসান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন এবং বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় সৌর ও বায়ু শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। সাইকেল ব্যবহারের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমে এবং পরিবেশ দূষণ হ্রাস পায়।

তারা আরও বলেন, মানিকগঞ্জের চরাঞ্চলে সোলার পাম্পের প্রসার এবং সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহার বৃদ্ধি করা এখন সময়ের দাবি। জলবায়ু পরিবর্তনের কারণে জেলার নদী ভাঙন ও অসময়ে বন্যা বৃদ্ধি পাওয়ায় তরুণদের সম্পৃক্ত করে টেকসই জ্বালানি নীতি বাস্তবায়ন জরুরি।

এই কর্মসূচিতে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং বারসিকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।