চট্টগ্রামের কর্ণফুলি উপজেলায় টাকার লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এক বন্ধুর হাতে অপর বন্ধু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম দিদারুল আলম (৫০)। এ ঘটনায় অভিযুক্ত বন্ধু তৈয়ব আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দিদারুল আলম ও অভিযুক্ত তৈয়ব আলীর বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার মোহাম্মদ নগর চাপড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের চান্দ মিয়া হাজির বাড়িতে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর তৈয়ব দেশে ফিরে বেকার হয়ে পড়লে দিদারুল তাকে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান, রিয়াজ উদ্দিন বাজারে চাকরি দেন।
কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয়ভাবে শালিস বৈঠকের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এর জেরে দীর্ঘদিন ধরে দুই বন্ধুর মধ্যে উত্তেজনা চলছিল।
এরই ধারাবাহিকতায় শুক্রবার কর্ণফুলি উপজেলার মইজ্যার টেক এলাকায় দিদারুল আলমকে একা পেয়ে ইট দিয়ে আঘাত করেন তৈয়ব আলী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত তৈয়বকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
কর্ণফুলি থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, টাকার লেনদেন নিয়ে দুই বন্ধুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে বলে জানিয়েছে।