কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় আলেখারচর আর্মি ক্যাম্পের একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক ফৌজদারি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ তৌফিকুল ইসলাম রিপন (পিতা: মোঃ নুরুল ইসলাম) কে গ্রেফতার করেছে।
এলাকার বাসিন্দারা জানান, রিপন এলাকাবাসীর সঙ্গে খারাপ ব্যবহার করতেন এবং প্রায়ই অন্যদের ওপর অত্যাচার করতেন।
অভিযানের পূর্বে আলেখারচর আর্মি ক্যাম্প থেকে সদর দক্ষিণ থানার সাথে যোগাযোগ করা হলে পুলিশের ডিউটি অফিসার এএসআই জামান প্রথমে জানান, উক্ত আসামির বিরুদ্ধে কোনো পিসিপিআর (PCPR) তাদের থানায় নেই।
কিন্তু পরবর্তীতে সেনা সদস্যরা অন্য একটি থানার মাধ্যমে উক্ত মামলার নথি সংগ্রহ করেন, যেখানে স্পষ্টভাবে দেখা যায় রিপনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্রে জানা যায়, সদর দক্ষিণ থানা অতীতেও সেনাবাহিনীর সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেছে এবং বহু ক্ষেত্রে তথ্য দিতে অনীহা দেখিয়েছে।
গ্রেফতারকৃত রিপনকে ডাক্তারি পরীক্ষা শেষে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।