পটুয়াখালীর বাউফল উপজেলায় ভোজ্য তেলের অতিরিক্ত মূল্য আদায়, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে যৌথ অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) উপজেলার বগা বাজার ও লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অনিয়মের দায়ে একাধিক ব্যবসায়ীকে মোট ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কিছু অসাধু ব্যবসায়ী ভোজ্য তেলের বাজারে অস্থিরতা তৈরি করে অতিরিক্ত দামে বিক্রি এবং অবৈধভাবে পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছিলেন। এসব অনিয়ম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তারা আরও জানান, বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য সতর্ক করা হয়েছে।

বাউফল বগা বাজারে র‌্যাব ও ভোক্তা অধিকার সংস্থার তেল বাজারে অভিযান পরিচালনার দৃশ্য
বগা বাজারে ভোজ্য তেলের অতিরিক্ত মূল্য ও মজুদবিরোধী অভিযানে র‌্যাব ও ভোক্তা অধিকার কর্মকর্তারা

স্থানীয় সচেতন মহল এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছে।