রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর তাকে লালমনিরহাটে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার (রাত) ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গ্রেফতারের পরপরই আইনশৃঙ্খলা বাহিনী তাকে ঢাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে লালমনিরহাটে স্থানান্তর করে। বর্তমানে তিনি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
ঘটনাটি নিয়ে লালমনিরহাটসহ সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে নানা প্রশ্ন উঠছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।