এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় ডিবি (গোয়েন্দা) পুলিশের পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে মো. সিয়াম (২৩) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-১১।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে আটক সিয়াম ও উদ্ধার ইয়াবা
কুমিল্লার বিষ্ণুপুর এলাকায় র‍্যাবের অভিযানে আটক সিয়াম ও উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য মাদক

বুধবার (৮ এপ্রিল) ভোরে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটক সিয়াম কুমিল্লা সদর উপজেলার রাঙ্গুরী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর একটি দল ভোরে বিষ্ণুপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিয়ামকে আটক করা হয়। তার কাছ থেকে ডিবি পুলিশের ব্যবহৃত ২টি জ্যাকেট ও ১টি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

এছাড়া তার বহন করা ব্যাগ তল্লাশি করে ৭ হাজার ৯০০ পিস ইয়াবা, ২ বোতল বিয়ার, ৫ বোতল বিদেশি মদ এবং ৩ বোতল স্কাফ জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেছেন যে, তিনি ডিবি পুলিশের পোশাক ও সরঞ্জাম ব্যবহার করে নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিতেন।

তিনি আরও জানান, এভাবে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে সহজেই মাদক পরিবহন এবং এলাকায় আধিপত্য বিস্তার করতেন।

আটক সিয়ামের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব কর্মকর্তা জানান।