ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল ক্রয় ও পরিবহনের অভিযোগে জুবায়ের হোসেন (২২) নামে এক যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তার কাছ থেকে ১৯৩ লিটার পেট্রোল জব্দ করা হয়।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) ভোরে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন এবং সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে একটি ইজিবাইকযোগে বিপুল পরিমাণ পেট্রোল বহনকালে জুবায়ের হোসেনকে আটক করা হয়। তিনি উপজেলার কাঠিয়ার গট্টি গ্রামের বাসিন্দা এবং আলেপ শেখের ছেলে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি উপজেলার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে পরিবহন করছিলেন।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে জব্দকৃত পেট্রোল স্থানীয় একটি পেট্রোল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. দবির উদ্দিন বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানাই।”