জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আলু চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে জেলা কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

আলু চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে কৃষকদের সচেতন করা এবং উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য ভাণ্ডার সমৃদ্ধ করার লক্ষ্যে এ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়। প্রশিক্ষণে উপজেলার ২৫ জন প্রান্তিক আলু চাষী অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন বিভাগীয় কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, জেলা কৃষি বিপণন অফিসের সহযোগী মোঃ মায়েদুর রহমান এবং অফিস সহকারী মোঃ রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জেলা কৃষি বিপণন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্রী রতন কুমার রায় জানান, প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা আলু চাষে আরও লাভবান হবেন।