রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বোয়ালিয়া থানাধীন খরবোনা এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় উল্টো মিথ্যা অপবাদ ও হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা মোঃ শাকিল আহমেদ আলী এই অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টায় রাজশাহী নগরীর বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে শাকিল আহমেদ জানান, খরবোনা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত আলামিন ও মোস্তাকিমের সঙ্গে তার দীর্ঘ প্রায় ১৭ বছরের বিরোধ রয়েছে। গত শুক্রবার স্থানীয় মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে একটি মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মাদক ব্যবসা পরিত্যাগ করার আহ্বান জানানো হলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে সাধারণ মানুষের ওপর চড়াও হয় বলে অভিযোগ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গত সোমবার শাকিল আহমেদের ছোট ভাই তুষারকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালানো হয়। তবে স্থানীয়দের ধাওয়া খেয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে অভিযুক্তরা একটি সংবাদ সম্মেলন করে শাকিল আহমেদকে ‘মাদক ব্যবসায়ী’ হিসেবে মিথ্যা অপবাদ দেয় বলে দাবি করা হয়।
এ বিষয়ে শাকিল আহমেদ দৃঢ়ভাবে বলেন, “আমি যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতাম, তাহলে অবশ্যই থানায় আমার নামে মামলা থাকত। কিন্তু আমার বিরুদ্ধে এমন কোনো রেকর্ড নেই।” তিনি আরও জানান, রাজনৈতিক পরিচয় ব্যবহার করার অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় বাসিন্দা সৈকত পারভেজ দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিরাই পূর্বে খরবোনা লেক এলাকায় লুটপাটের সঙ্গে জড়িত ছিল এবং একটি হত্যা মামলার আসামি হিসেবেও তাদের নাম রয়েছে।
শাকিল আহমেদ সাংবাদিক সমাজের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।