আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি।।
আশাশুনি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনেই প্রাণবন্ত উৎসাহ দেখা গেছে প্রার্থীদের মধ্যে। সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশন প্রধানের কাছ থেকে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার ও নির্বাচন কমিশন প্রধান মোঃ হাসানুজ্জামান প্রেস ক্লাব কার্যালয়ে বসে মনোনয়নপত্র বিক্রয় কার্যক্রম পরিচালনা করেন।
সভাপতি পদে জি এম আল ফারুক ও এসকে হাসান, সাধারণ সম্পাদক পদে সমীর রায় ও আকাশ হোসেন, সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল আলিম ও শেখ আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুব্রত কুমার দাস, ইসমাইল হোসেন লিংকন, শেখ ইয়াছির আরাফাত, সাংগঠনিক সম্পাদক পদে জাকির হোসেন ও হাসান ইকবাল মামুন, এবং কোষাধ্যক্ষ পদে এস.এম. মোস্তাফিজুর রহমান ও ইয়াছিন আরাফাত পিন্টু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দ্বিতীয় ও শেষ দিনে আরও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করবেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ অক্টোবর, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর।
এই নির্বাচনের মাধ্যমে আশাশুনি প্রেস ক্লাবের নতুন নেতৃত্ব নির্ধারিত হবে বলে স্থানীয় সাংবাদিক সমাজে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।