নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের এক তরুণ ছাত্রনেতা মোঃ তানভির ইসলাম—যিনি বর্তমানে স্থানীয় রাজনীতিতে আলোচিত একটি নাম। প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা এই তরুণ আজ ছাত্রদলের রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।
পারিবারিকভাবে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত পরিবারে জন্ম নেওয়ায় ছোটবেলা থেকেই রাজনীতি ও সামাজিক বাস্তবতা খুব কাছ থেকে দেখেছেন তানভির। তার বাবা বিএনপির একজন পদধারী নেতা হওয়ায় রাজনৈতিক নানা চ্যালেঞ্জ ও চাপের মধ্যেই বেড়ে উঠতে হয়েছে তাকে।
শিক্ষাজীবনের শুরু মৈনম সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে উন্নত শিক্ষার জন্য ভর্তি হন শ্রীরামপুর (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মাধ্যমিক স্তরে পড়াশোনা করেন সতিহাট কে.টি উচ্চ বিদ্যালয় ও কলেজে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি। কোরআন তিলাওয়াত, সুন্দর হাতের লেখা ও ডিজিটাল প্রেজেন্টেশন—সবক্ষেত্রেই উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন।
রাজনীতির প্রতি তার আগ্রহ শুরু হয় খুব অল্প বয়স থেকেই। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় ক্যাপ্টেন নির্বাচনে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে নেতৃত্বের সূচনা। পরবর্তীতে স্থানীয় নির্বাচন ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ তার রাজনৈতিক চর্চাকে আরও দৃঢ় করে।
২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে তিনি সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। বিভিন্ন আন্দোলন, মিছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক সচেতনতা তৈরির মাধ্যমে তিনি ধীরে ধীরে পরিচিতি লাভ করেন।
দেশের গুরুত্বপূর্ণ ইস্যু যেমন কোটা সংস্কার আন্দোলন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনেও অংশগ্রহণ করেছেন তিনি। এসব আন্দোলনের সময় তাকে ২৭ দিন ঘরছাড়া থাকতে হয়েছে বলেও জানা যায়।
বর্তমানে তিনি মৈনম ইউনিয়ন ও মান্দা উপজেলা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। পাশাপাশি বিভিন্ন সংগঠনে দায়িত্ব পালন করছেন, যার মধ্যে রয়েছে—BNP Grassroots Network (BGN)-এর কো-অর্ডিনেটর (নওগাঁ-৪), নবজাগরণ দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের সহ প্রচার সম্পাদকসহ একাধিক পদ।
রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সমানভাবে সক্রিয় তানভির ইসলাম। শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা, এতিমদের সহযোগিতা, শিক্ষা উপকরণ বিতরণ, মশারি প্রদান, গাছের চারা বিতরণ ও ইফতার সামগ্রী বিতরণের মতো বিভিন্ন মানবিক কার্যক্রমে তিনি নিয়মিত অংশগ্রহণ করে আসছেন।
এক ভিডিও বার্তায় তানভির ইসলাম বলেন, “আমি পদ-পদবির আশায় রাজনীতিতে আসিনি, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য।” তার এই বক্তব্যই তার আদর্শিক অবস্থানের প্রতিফলন বলে মনে করেন স্থানীয়রা।
স্থানীয়দের মতে, তানভির ইসলাম শুধু একজন ছাত্রনেতা নন, তিনি সম্ভাবনাময় এক তরুণ নেতৃত্ব, যিনি ভবিষ্যতে বৃহত্তর রাজনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।