কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং অবস্থায় থাকা ‘রয়েল সার্ভিস’ পরিবহনের তিনটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে হঠাৎ করে বাসগুলোতে আগুন ধরে গেলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে কুমিল্লা নগর ফায়ার সার্ভিস থেকে আরও একটি ইউনিট যোগ দেয়।

তিনটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, বাস তিনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ওই এলাকায় পার্কিং করে রাখা ছিল এবং সচল ছিল না। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাসের ভেতর থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়, এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেন, পরিত্যক্ত বাসগুলোতে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসত। তাদের ধারণা, মাদক সেবনের সময় ব্যবহৃত গ্যাস লাইটার বা দিয়াশলাই থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

অন্যদিকে, কয়েকজন বাস হেলপার দাবি করেছেন, একই সময়ে তিনটি বাসে আগুন লাগা স্বাভাবিক ঘটনা নয়। তাদের মতে, এটি পরিকল্পিত নাশকতার ঘটনাও হতে পারে।

এদিকে, কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস মিয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।