সাংবাদিকতার নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা থেকে বেরিয়ে এসে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সাংবাদিক এইচ এম মহিউদ্দিন।
শনিবার (৪ এপ্রিল) কুমিল্লায় আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, “ফেসবুক পেইজ খুলে মিডিয়ার পরিচয় দিয়ে নিউজের নামে মানুষের সঙ্গে প্রতারণা না করে নিজেকে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলা জরুরি।”
কুমিল্লা মাল্টিমিডিয়া মিডিয়া রিপোর্টার্স ইউনিটি-এর আয়োজনে এক্সপার্ট আইটি পার্কের সেমিনার রুমে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় এইচ এম মহিউদ্দিন আরও বলেন, একাধিক মিডিয়ায় কাজ না করে নতুন ও জুনিয়র সাংবাদিকদের সুযোগ করে দেওয়া উচিত, যাতে দেশে বেকারত্ব হ্রাস পায়। তিনি সবাইকে একটি পেশায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “একাধিক পেশায় পরিচয় দিলে মানুষ ভালোভাবে নেয় না। যে পেশায় আগ্রহ, সেই পেশায় পূর্ণ দক্ষতা অর্জন করাই গুরুত্বপূর্ণ।”
বর্তমান সময়ে মূলধারার সাংবাদিকতা সামাজিক যোগাযোগমাধ্যমের চাপে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেক কনটেন্ট ক্রিয়েটর নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে মাঠে কাজ করছেন, যা সাংবাদিকতার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও বলেন, একজন সাংবাদিক মানুষের দুঃখ-দুর্দশার বাস্তব চিত্র তুলে ধরেন, যেখানে কনটেন্ট ক্রিয়েটররা অনেক সময় তা বিনোদনের উপকরণ হিসেবে ব্যবহার করেন। ফলে প্রকৃত সাংবাদিকতার মান বজায় রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন খালেদ সাইফুল্লাহ, তানভীর দিপু, শাকিল মোল্লা এবং সহিদ উল্লাহ মিয়াজি।
বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।