চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় আস্থা ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে পরিচিত সুকোমল চন্দ্র দেবনাথ নাচোল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার যোগদানের মধ্য দিয়ে নাচোল উপজেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির অনুভূতি তৈরি হয়েছে, অপরদিকে অপরাধীদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক।
জেলায় যোগদানের পর থেকেই তিনি সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। এর আগে সদর মডেল থানায় তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বেশ কিছু জটিল মামলার রহস্য উদঘাটন করে প্রশংসা কুড়িয়েছেন। অপরাধ দমনে তার জিরো টলারেন্স নীতি তাকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
নতুন দায়িত্ব গ্রহণের পরপরই ওসি সুকোমল চন্দ্র দেবনাথ স্পষ্ট বার্তা দিয়েছেন—আইনের চোখে সবাই সমান, কোনো অপরাধীই ছাড় পাবে না। তার নেতৃত্বে নাচোল থানা এলাকায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানা গেছে।
তিনি কেবল কঠোর আইন প্রয়োগকারী কর্মকর্তা নন, বরং একজন মানবিক ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবেও পরিচিত। থানায় আগত সেবাপ্রার্থীদের সঙ্গে তার আন্তরিক আচরণ এবং দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।
তার কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে—সন্ত্রাস ও অপরাধ দমন জোরদার করা, অপরাধী চক্রের নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। পাশাপাশি নির্যাতিত ও অসহায় মানুষের জন্য থানাকে একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
স্থানীয় সচেতন মহলের মতে, ওসি সুকোমল চন্দ্র দেবনাথের নেতৃত্বে নাচোল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।