ফরিদপুরের সালথা উপজেলায় পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১৬০ জন কৃষকের প্রত্যেককে একটি করে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ দবির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী আবু জাফর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খায়র উদ্দিন আহমেদ এবং সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাহিদসহ অন্যান্য স্থানীয় কর্মকর্তারা।

বক্তব্যে উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার বলেন, সালথা একটি কৃষি সমৃদ্ধ এলাকা যেখানে প্রতিবছর বিপুল পরিমাণ পেঁয়াজ উৎপাদিত হয়। তবে সংরক্ষণ সুবিধার অভাবে কৃষকরা প্রায়ই ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন।

তিনি আরও জানান, এয়ার ফ্লো মেশিন ব্যবহারের মাধ্যমে দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হবে। এতে কৃষকরা সুবিধাজনক সময়ে বাজারে পেঁয়াজ বিক্রি করে ভালো দাম পেতে পারবেন।

কৃষকদের উৎপাদন ও সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।