আশাশুনি প্রতিনিধি:সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাকতাড়া কালিবাড়ি বাজারের এক ব্যবসায়ীর মুদি দোকানে অভিযান চালানো হয়। অভিযানে দোকানের পেছনে লুকিয়ে রাখা ৪টি ড্রাম থেকে আনুমানিক ৮১০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ও মোঃ তাওহিদুল হাসান। এসময় অনুমোদন ছাড়া ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ এবং অধিক মূল্যে বিক্রির দায়ে পেট্রোলিয়াম আইন-২০১৬ অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত পেট্রোল তাৎক্ষণিকভাবে স্থানীয় মোটরসাইকেল চালকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। প্রতি ৫ লিটার পেট্রোল ৬০০ টাকা দরে বিক্রি করা হয়, যার মাধ্যমে মোট ৯৭,২৯০ টাকা আদায় হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।