চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছাবের আহমদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন। তিনি আদালতে হলফনামা দিয়ে দল ত্যাগের ঘোষণা দেন, যা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা যায়, ছাবের আহমদ কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের (বর্তমানে নিষিদ্ধ কার্যক্রম) সহসভাপতির দায়িত্বে ছিলেন। তবে তিনি দাবি করেছেন, এই পদ ও দলীয় পরিচয় তার ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল।
গত বুধবার চট্টগ্রাম আদালতে করা হলফনামায় তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি কখনো সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। শারীরিক অসুস্থতা ও মানসিক ক্লান্তির কারণে দলীয় দায়িত্ব পালন তার পক্ষে সম্ভব হচ্ছিল না।
তিনি আরও জানান, বিষয়টি একাধিকবার জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের জানালেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেন।
হলফনামায় ছাবের আহমদ স্পষ্টভাবে ঘোষণা দেন, ভবিষ্যতে তিনি আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত থাকবেন না এবং কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশ নেবেন না।
এ বিষয়ে তিনি বলেন, “আমাকে স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীক দেওয়া হয়েছিল নেতাদের চাপে। অথচ আমি একাধিকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। রাজনীতিতে সক্রিয় ছিলাম না, এমনকি মিছিল-মিটিংয়েও অংশ নেইনি।”
তার এই ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।