নোয়াখালীর সদর উপজেলায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে মো. নিরব (২৬) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের বাংলাবাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নিরবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি মারা যান।
নিহত নিরব একই এলাকার আব্দুল গনির ছেলে এবং পেশায় একজন স’মিল শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মাদক নিয়ে একই গ্রামের ইটভাটা শ্রমিক রুবেল মাঝির পরিবারের সঙ্গে নিরবের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে রোববার সকাল ১০টার দিকে নিরব তার সহযোগীদের নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়।
পরে পাল্টাপাল্টি ধাওয়া চলাকালে দুপুরের দিকে নিরব প্রতিপক্ষের এলাকায় গেলে তাকে আটক করে বেধড়ক মারধর ও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিরবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।