নওগাঁ জেলার সাপাহার উপজেলার বিনোদপুর দক্ষিণ পাড়ায় অবস্থিত জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা নারীদের ধর্মীয় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

২০২৫ সালে প্রতিষ্ঠিত এই মহিলা মাদ্রাসাটি বিশুদ্ধ কোরআন তিলাওয়াত, হেফজ (মুখস্থকরণ) এবং ইসলামী শিক্ষার মাধ্যমে নারী শিক্ষার হার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গ্রামীণ পরিবেশে আবাসিক ও অনাবাসিক ব্যবস্থায় হাফেজা তৈরির কার্যক্রম নারীদের মাঝে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারী মোঃ মুয়াজ্জম হোসাইনের তত্ত্বাবধানে এবং আল্লামা মুফতি মুসতাকুন্নবী কাসেমীর পরামর্শে। এখানে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষিকাদের মাধ্যমে পাঠদান করা হয়, যারা নিয়মিত আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য হলো দ্রুত হেফজ সম্পন্ন করার সুযোগ। বছরে চারবার নূরানী, নাজেরা ও হিফজ শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি কিতাব বিভাগ ও জেনারেল বিভাগের আওতায় প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা ও পরীক্ষার সুযোগ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পবিত্র ও পরিচ্ছন্ন পরিবেশে শিক্ষার্থীদের কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, যা স্থানীয় অভিভাবকদের মধ্যে আস্থা তৈরি করেছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৩০-এর বেশি এবং দিন দিন তা বৃদ্ধি পাচ্ছে।

মাদ্রাসায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসিক ব্যবস্থাও রয়েছে, যা ছাত্রীদের জন্য একটি আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করে। অভিভাবকদের আগ্রহও আগের তুলনায় অনেক বেড়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বর্তমানে নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চলমান রয়েছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও বড় পরিসরে নারী শিক্ষার প্রসারে কাজ করার পরিকল্পনা নিয়েছে।