সাতক্ষীরার আশাশুনি উপজেলায় নারী অধিকার ফোরামকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে “লাইট হাউজ কনসোর্টিয়াম পার্টনার সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন” এর আওতাধীন নাগরিকতা প্রোগ্রামের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভাটি আয়োজনে সহায়তা করে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। নাগরিকতা: সিভিক অ্যানগেজমেন্ট ফান্ড (CEF)-এর আওতায় লাইট হাউজ কনসোর্টিয়াম ও সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম।
সভা সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়ক মোঃ মোস্তফা কামাল।
প্রধান আলোচক ছিলেন নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ মোজাফফর হোসেন এবং সাংবাদিক এস,এম মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—
“নারীদের দক্ষতা বৃদ্ধি, জেন্ডার সংবেদনশীলতা, নেতৃত্বের গুণাবলী এবং সামাজিক অংশগ্রহণের মাধ্যমে সমাজে নারীর অবস্থান আরও মজবুত করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ, যৌতুক ও সহিংসতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
প্রধান আলোচক মোঃ মোজাফফর হোসেন বলেন—
“নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা অর্জন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সমন্বিত উদ্যোগ জরুরি।”
তিনি আরও আহ্বান জানান—
“নাগরিক সমাজ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা, যৌথ উদ্যোগ ও নীতি সংলাপ প্রসারিত করতে হবে, যাতে নারীর অধিকার ও অংশগ্রহণ আরও সুদৃঢ় হয়।”
সভায় নারী অধিকার ফোরামের সদস্যবৃন্দ, স্থানীয় নারী নেত্রী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।