রাজশাহীঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহানগরীর সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “মহিমান্বিত মাহে রমজানের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের কাছে আনন্দ, সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করতে হবে।”

তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা এবং তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রশাসক রিটন উল্লেখ করেন, রাজশাহীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নাগরিক সেবা নিশ্চিতকরণে নগরবাসীর সার্বিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, যেন সবার জীবন ও প্রিয় মহানগরী রাজশাহী সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে।
সবশেষে তিনি বলেন, “ঈদের আনন্দ সমানভাবে ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা—ঈদ মোবারক।”