বরগুনাঃ বরগুনার বেতাগী উপজেলার ছোপখালী তালুকদার বাড়ি সংলগ্ন জামে মসজিদকে কেন্দ্র করে কমিটি গঠন নিয়ে বিরোধ ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মসজিদের প্রতিষ্ঠাতা ও দীর্ঘদিনের সভাপতি মোঃ আরিফ হোসেন প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন।
গতকাল বুধবার (১৮ মার্চ ২০২৬) বেতাগী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক লিখিত অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি মসজিদের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছেন। কিন্তু একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিদ্যমান কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়ে অবৈধভাবে নতুন কমিটি গঠনের চেষ্টা করছে।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় আব্দুল ছাত্তার তালুকদার নিজেকে মসজিদের সভাপতি দাবি করলেও তিনি নিয়মিত নামাজে অংশগ্রহণ করেন না এবং মসজিদের জন্য কোনো জমি দান করেননি। এছাড়া ইব্রাহিম নামের আরেক ব্যক্তি নিজেকে ইমাম হিসেবে পরিচয় দিচ্ছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
আরিফ হোসেন আরও অভিযোগ করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ একটি অনলাইন প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তুলে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, মসজিদের জন্য এখন পর্যন্ত কোনো সরকারি অনুদান বরাদ্দ হয়নি।
তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে দুঃখ প্রকাশ করে বলেন, ইসলামী ফাউন্ডেশন তার আবেদনটি বিবেচনা না করে প্রতিপক্ষের আবেদন গ্রহণ করেছে।
সবশেষে তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান, প্রকৃত ঘটনা যাচাই করে সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে যেন বিভ্রান্তি দূর করা হয় এবং এলাকার শান্তিপ্রিয় পরিবেশ বজায় থাকে।