পটিয়াঃ চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির পকেট থেকে ৫০ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে, যা এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি করেছে।
গত বুধবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে পটিয়া উপজেলার জুলুয়ার দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারগামী একটি ঈগল পরিবহনের বাসের সঙ্গে চট্টগ্রামগামী একটি মার্সা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঈগল বাসের পেছনে থাকা আরেকটি মার্সা বাস ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বাঁশী মোহন দাশ (৫৪) নামের এক পান ব্যবসায়ী নিহত হন। তিনি লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকার মনিন্দ্র দাশের ছেলে। এ ঘটনায় আরও ৮ জন আহত হন।
আহতরা হলেন—মোহাম্মদ (৫০), জয়নাল (৩০), মিঠু দাশ (১৯), আনোয়ার (৩৮), নুরুল আলম (২৯), তাহের (৪৬), টিপু চৌধুরী (৩৬) ও শিরিন আক্তার (৪০)। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সড়কের পাশে খড়খুটায় ধোঁয়া দেওয়ার কারণে আশপাশের এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। এতে চালকদের দৃষ্টিসীমা কমে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার সময় নিহত বাঁশী মোহন দাশ তার এইচএসসি পরীক্ষার্থী মেয়ে বৈশাখীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার পর বাবার লাশের পাশে বসে কাঁদছিলেন বৈশাখী। সেই সুযোগে দুর্বৃত্তরা নিহতের পকেট থেকে ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভ বিরাজ করছে।
পটিয়া হাইওয়ে থানার ওসি হারুনর রশীদ জানান, ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।