ফরিদপুরঃ ফরিদপুরের সালথা উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করেছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১৮ মার্চ) বিকেলে সালথা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন বস্ত্র বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকার মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কাজ করছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার মানুষ যেন নিরাপদে নিজ নিজ বাড়িতে ফিরতে পারে এবং পরিবারের সঙ্গে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও বলেন, ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে সরকারের মন্ত্রীরা বিভিন্ন বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে তদারকি করছেন, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সেখানে একটি নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। যারা দেশে ফিরতে পারছেন না, তাদের নিরাপদ রাখার পাশাপাশি দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সেখানে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

দ্রব্যমূল্যের বিষয়ে তিনি বলেন, বাজারে কোনো পণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি পায়নি এবং তেলের দামও বাড়ানো হয়নি। এ বিষয়ে সরকার সর্বদা সতর্ক রয়েছে।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহীন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান আজাদ মাতুব্বর, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হোসেন, বালাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল মাতুব্বর, কামরুল ইসলাম, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, সাইফুল আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।