ঝালকাঠিঃ ঝালকাঠি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদার।

বুধবার (১৮ মার্চ) বিকেলে তিনটি ভ্যানগাড়িতে করে চাল, সেমাই, চিনি ও দুধসহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী নিয়ে তিনি নিজ হাতে বাড়ি বাড়ি গিয়ে এসব উপহার পৌঁছে দেন। এতে করে এলাকার অসহায় পরিবারগুলোর মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০০ পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এ উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়ে সমাজের বিত্তবান ব্যক্তিদেরও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

ঈদ উপহার বিতরণ প্রসঙ্গে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় পর্যায়ে জনগণের সুখ-দুঃখে পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা থেকে অনুপ্রাণিত হয়ে আমি আমার এলাকার পাঁচ শতাধিক পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, আমি ঝালকাঠি থানা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকাবাসী যদি আমাকে আগামী পৌর নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে সেবা করার সুযোগ দেন, তাহলে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবো।

ঈদ উপহার পেয়ে স্থানীয় বাসিন্দা মমতাজ বেগম বলেন, “সাধারণত কিছু পেতে হলে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু হানিফ আমাদের বাড়িতে এসে উপহার দিয়ে গেছেন। আমরা এতে খুব খুশি।”

আরেক বাসিন্দা আজাহার আলী বলেন, “ঘরে বসেই সেমাই-চিনি পেয়েছি। এতে আমরা অনেক আনন্দিত। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন।”
ঈদ উপহার পেয়ে স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।