চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর উদ্যোগে অসহায় ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজানের বিদায় লগ্নে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৮ মার্চ ২০২৬) সকাল ১০টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এলাকার একটি শিশু সদনে এতিম ও অভিভাবকহীন শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম নিজ উপস্থিতিতে শিশুদের হাতে ঈদের নতুন পোশাক এবং ঈদের দিনের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, সেমাই, তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য উপকরণ।

ঈদের আনন্দ থেকে যেন কোনো এতিম শিশু বঞ্চিত না হয়—এই লক্ষ্যেই বিজিবির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। নতুন পোশাক ও উপহার পেয়ে এতিম শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দ ও তৃপ্তির হাসি।
উপহার বিতরণ শেষে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে পারা আমাদের জন্য বড় প্রাপ্তি। সমাজের এই শিশুরাও আমাদেরই অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় শিশুদের পাশে দাঁড়ান, তাহলে অনেক শিশুর জীবন বদলে যেতে পারে।

বিজিবির এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের কার্যক্রম সমাজের বিত্তবান মানুষদের অসহায়দের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।