সাতক্ষীরার আশাশুনি |

সাতক্ষীরার আশাশুনিতে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ন্যায্য মূল্যে পণ্য ক্রয় নিশ্চিত করতে উপজেলা প্রশাসন মঙ্গলবার (১৭ মার্চ) ব্যাপক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন দাশ গুপ্ত নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। বুধহাটা ইউনিয়নের বিভিন্ন ফিলিং স্টেশন, বুধহাটা বাজার, বেউলা ও গাজীরমাঠ বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়।

পরিদর্শনকালে ইউএনও ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্য তালিকা দৃশ্যমানভাবে টাঙানো, অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকা এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করার নির্দেশ দেন। তিনি জানান, রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা করতে এই ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এ সময় আশাশুনি উপজেলা পুলিশ সদস্য ও আনসার ব্যাটালিয়ন উপস্থিত ছিলেন। সাধারণ ক্রেতারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাজারে স্থিতিশীল পরিবেশ বজায় রাখায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।