কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি |
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধোরাল খাল পুনঃখনন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে এলাকায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (১৬ মার্চ) কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের ধোরাল গ্রামে ধোরাল খালপাড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খনন কাজের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোঃ আরিফ উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
এছাড়াও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিস হায়দার খান, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদারসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গোপালগঞ্জ জেলাবাসী যেন কোনো বৈষম্যের শিকার না হন, সে লক্ষ্যেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কোটালীপাড়ার প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ ধোরাল খাল পুনঃখনন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৪ লাখ ২৫ হাজার টাকা, যার মাধ্যমে প্রায় ২৫ বর্গকিলোমিটার এলাকার জলাবদ্ধতা নিরসন হবে।
তারা আরও জানান, দেশের ৫৪টি জেলায় একযোগে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু হয়েছে, যা “দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন” কর্মসূচির অংশ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পরে তারা উপজেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন এবং শিশু শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। পাশাপাশি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাসও পরিদর্শন করেন।