মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) সকালে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাম ওবায়েদ ইসলাম রিংকু (এমপি) আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল (এমপি)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক, ফরিদপুর পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং এলাকার সুধী সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় অতিথিরা বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন। বক্তারা আরও বলেন, সরকারের ঘোষণার আলোকে সোমবার সারা দেশে একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিচ্ছিল। খাল খনন কার্যক্রম শুরু হওয়ায় তারা আশা করছেন, এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার পরিবেশ ও জলজ সম্পদে ইতিবাচক পরিবর্তন আসবে।