শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গরু চরাতে গিয়ে নিখোঁজ হওয়া নয় বছরের শিশু হুযাইফার মরদেহ জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির মাথা ও নাকে আঘাতের চিহ্ন পাওয়ায় এটি নিছক দুর্ঘটনা নয়, বরং হত্যাকাণ্ডের শঙ্কা করছেন পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শনিবার সকালে বাবা’র সঙ্গে গরু চরাতে বের হয়েছিল শিশু। দুপুরের আগে বাবা বাড়ি ফেরেন, কিন্তু হুযাইফা বাড়ি ফিরেনি। এরপর থেকে পরিবারের মরিয়া খোঁজাখুঁজি শুরু হয়। স্থানীয়রা আশপাশের এলাকা চষে বেড়ান শিশুটিকে খুঁজতে।

অবশেষে বিকেল ৩টার দিকে গোসিঙ্গা ইউনিয়নের চাওবন শিরারমার চালা এলাকার ঘন জঙ্গল থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।

শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শিশুটির নাক ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, যা নৃশংসতার ইঙ্গিত দিচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড হিসেবে ধরছে।

নিহত শিশুর বাবা বলেন, “ছেলেকে হারিয়ে শোকে আছি। কে বা কারা এমন নিষ্ঠুর কাজ করেছে, বুঝতে পারছি না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হবে।