সাদ্দাম উদ্দিন রাজ |
নরসিংদী প্রতিনিধিঃ 

নরসিংদীর রায়পুরা উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামে প্রতিবেশীর নির্মাণাধীন ভবনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবদুর রহমান চরমরজাল গ্রামের মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরের পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে তাকে খুঁজে পেতে এলাকায় মাইকিং করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সন্ধান চাওয়া হয়।

তবে রাত পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে সন্তানের সন্ধান না পেয়ে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা।

রবিবার সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়ার নির্মাণাধীন ভবনে পানি দিতে গিয়ে তার স্ত্রী ছাদের এক কোণে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি স্থানীয়দের জানালে ঘটনাস্থলে ভিড় জমে। খবর পেয়ে শিশুটির মা সুমি বেগম সেখানে গিয়ে মরদেহটি তার সন্তানের বলে শনাক্ত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এদিকে মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।