মোঃ হাসানুল হক মেহেদী |
পিরোজপুর নেছারাবাদ প্রতিনিধিঃ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। এরই ধারাবাহিকতায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন মো. তপু রায়হান।
তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নেছারাবাদ উপজেলাকে একটি নিরাপদ, সুশাসিত ও আধুনিক জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। এছাড়া ইভটিজিং, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
তপু রায়হান বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে নেছারাবাদ উপজেলাকে উন্নয়ন, সুশাসন ও সামাজিক নিরাপত্তার একটি মডেল উপজেলায় রূপান্তর করতে চাই। এজন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন মো. তপু রায়হান। বর্তমানে তিনি নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি সাবেক সোহাগদল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সরকারি স্বরূপকাঠী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তপু রায়হান দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।