ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের পক্ষ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, হামলায় মোজতবা খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত অক্ষম হয়ে পড়েছেন।

প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় মোজতবার বাবা, আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। হামলার পর মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

মোজতবা খামেনি লিখিত বিবৃতিতে হরমুজ প্রণালি বন্ধ রাখার সংকল্প ঘোষণা করেছেন এবং প্রতিবেশী দেশগুলোর কাছে মার্কিন ঘাঁটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

মার্কিন সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, “নতুন নেতা আহত এবং সম্ভবত অক্ষম। তিনি একটি লিখিত বিবৃতি দিয়েছেন।” তিনি আরও যোগ করেন, “ইরানের কাছে অনেক ক্যামেরা ও ভয়েস রেকর্ডার আছে, তাহলে কেন শুধু লিখিত বিবৃতি?”

ইরানের রাষ্ট্রদূত পেইমান সাদাত বলেন, মোজতবা কার্যক্ষমতা হারাননি। তিনি বলেন, “আঘাত গুরুতর নয়, তিনি কার্যকরভাবে নেতৃত্ব দিতে সক্ষম।”

সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের সঙ্গে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনও উপস্থিত ছিলেন। তারা বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন সক্ষমতা এবং নৌবাহিনী ধ্বংসে বেশি জোর দিচ্ছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেন, “আমরা চাপ সৃষ্টি করে যাব, লড়াই চালিয়ে যাব, শত্রুর প্রতি কোনো দয়া দেখানো হবে না।”

গত প্রায় ১৪ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের ছয় হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে প্রায় দুই হাজার ইরানি নিহত হয়েছেন।