মো. আরফান আলী | ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের করণাই বাজারে শনিবার গভীর রাতে গ্রামীণ টাওয়ারের তিনটি ট্রান্সফরমার চুরির চেষ্টা চালায় দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং ট্রান্সফরমারের তার কেটে ফেলে। এরপর তারা একটি ট্রান্সফরমার পিলার থেকে খুলে নামানোর চেষ্টা করে, কিন্তু আশেপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে চোরেরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, ট্রান্সফরমারগুলো লোহার অ্যাঙ্গেলের সঙ্গে ঝালাই করা থাকায় চোরেরা সেগুলো সম্পূর্ণভাবে তুলতে পারেনি। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পার্শ্ববর্তী পরিবারের সদস্যরা দুটি পিলারে এবং একটি নিচে নামানো ট্রান্সফরমার দেখতে পান এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয়দের জানানো হয়।

এছাড়া, প্রায় দুই বছর আগে একই স্থানে গ্রামীণ টাওয়ারের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল। এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।