মাহবুব হাসান |
স্টাফ রিপোর্টার ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে নলছিটি পৌরসভা। শনিবার (১৪ মার্চ) সকালে পৌরসভার উদ্যোগে এই সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও পৌর প্রশাসক সেগুফতা মেহনাজ। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মো. মজিবুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন খান, সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার এবং প্রশাসকের কর্মসম্পাদন সহায়তা কমিটির প্রধান সহকারী (ভারপ্রাপ্ত) মো. মিরাজ হাসান প্রিন্সসহ অন্যান্য কর্মকর্তারা।
সচেতনতামূলক এই কার্যক্রমের অংশ হিসেবে পৌর এলাকার সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি পৌরসভার বিভিন্ন ড্রেনেজ পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং ডেঙ্গু বাহক এডিস মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সবাইকে বাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার জন্য অনুরোধ করা হয়।