মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর):
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আয়োজিত এক ইফতার মাহফিলে বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, জনগণের ভোটের আঙ্গুলের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে।
গত শুক্রবার (১৩ মার্চ) বিকালে নগরকান্দা উপজেলার তালমা মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তালমা, রামনগর ও ডাঙ্গি ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “এখনও ভোটের আঙ্গুলের কালির দাগ পুরোপুরি মুছে যায়নি। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ কার্যক্রমও শুরু হয়েছে।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, তার নাম ভাঙিয়ে কেউ যদি কোনো ধরনের অপকর্ম করার চেষ্টা করে, তবে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে তিনি দলীয় নেতাকর্মী ও প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান।
ইফতার মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাচ্ছের আলী ইছ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, আশরাফ আলী মুন্সি, বদরুজ্জামান তারা মোল্লা, আসাদুজ্জামান মুন্নু চৌধুরী, অ্যাডভোকেট এ আর লিটন, হাবিব মৃধা, সাত্তার মন্ডল ও রইসউদ্দিন চৌকিদারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সহ-সভাপতি শাহীন মাতুব্বর, সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান হিদুজ্জামান এবং যুবদল নেতা এনায়েত হোসেনসহ আরও অনেকে।
ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।