কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের আজ্ঞাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বুড়িচং থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল আনুমানিক ১০টা ৫ মিনিটে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নুল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আসাদ আলী এবং সঙ্গীয় ফোর্স উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের আজ্ঞাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে আজ্ঞাপুর ঈদগাহ চৌমুহনী সংলগ্ন শফিউল ইসলামের দোকানের সামনে বাগড়া-কুমিল্লাগামী পাকা সড়ক থেকে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত আসামি মো. মিজান (২৩)। তিনি নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার ইন্দ্রাপুর গ্রামের বাসিন্দা এবং হান্নান সরকারের ছেলে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পরে শুক্রবার দুপুরে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।