মু. অলি উল্লাহ ইয়াছিন |
স্টাফ রিপোর্টার, নোয়াখালীঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বক্তারা এ সময় সমাজ উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেগমগঞ্জ উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নে সমাজসেবা সংগঠন ‘গোপালপুর ফাউন্ডেশন’-এর আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. নুর নবীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এ এফ এম মাসুদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আবু তাহের, সেক্রেটারি আবদুল আউয়াল খান, সাবেক চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা ল. আলা উদ্দিন মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সরওয়ার আলম দুলাল মেম্বার, ইসলামী আন্দোলনের ইউনিয়ন অর্থ সম্পাদক আবুল বাসার, ছাত্রশিবিরের বাংলাবাজার থানা সভাপতি শফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন মিন্টু বলেন, মানবতার সেবা সবচেয়ে বড় সেবা। সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিজের স্বার্থের কথা না ভেবে সমাজের মানুষের কল্যাণে কাজ করেন। গোপালপুর ফাউন্ডেশন ইতোমধ্যে মানবসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আবু তাহের বলেন, যুবকরাই সমাজ পরিবর্তনের মূল শক্তি। গোপালপুর ফাউন্ডেশনের তরুণরা মাদকের বিরুদ্ধে যে সচেতনতা আন্দোলন গড়ে তুলেছে, তা সমাজের জন্য ইতিবাচক উদাহরণ।
সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. নুর নবী বলেন, গোপালপুর ফাউন্ডেশন ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার প্রসার, যুব সমাজকে স্বনির্ভর করতে টেকনিক্যাল প্রশিক্ষণ প্রদান এবং মাদকবিরোধী সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাবেক ও বর্তমান একদল তরুণের উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠন ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে ইতিবাচক সাড়া ফেলেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম, মধুপুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার আবদুল মতিন, সংগঠনের সদস্য সচিব ডেন্টিস্ট মাহবুবুর রহমান, চাটখিল কামাল মাজিদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমির হোসেন পলাশ, জীবন বীমা কর্পোরেশন মাইজদী শাখার ম্যানেজার মাহবুবুর রহমান, কানকিরহাট ডিগ্রি কলেজের প্রভাষক মোতাহের হোসেনসহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক।