মোং ইব্রাহিম হাওলাদার |
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার গাজীপুর চাদপাশা এলাকার গৃহিণী মোসাম্মৎ হেলেনুর বেগম দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন। পিত্তথলিতে পাথর, পেটের ভেতরে ঘা ও টিউমার ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।

কিন্তু দারিদ্র্যের কারণে তার পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। ফলে মানবিক সহায়তার জন্য সমাজের বিত্তবান ও প্রবাসী বাংলাদেশিদের কাছে সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে হেলেনুর বেগম বুক ও পেটের তীব্র ব্যথায় ভুগছিলেন। অর্থাভাবে নিয়মিত চিকিৎসা করাতে না পারলেও সম্প্রতি ধারদেনা করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করালে চিকিৎসকরা তার পিত্তথলিতে পাথর, পেটের ভেতরে ঘা এবং টিউমারের উপস্থিতি শনাক্ত করেন।
বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জহিরুল হক (মানিক) জানান, রোগীর অবস্থা বিবেচনায় দ্রুত অপারেশন করা জরুরি, নইলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।
চিকিৎসকদের মতে, হেলেনুর বেগমের চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। কিন্তু নিম্নআয়ের এই পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তার পরিবার জানিয়েছে, হেলেনুর বেগম একজন গৃহিণী এবং তার তিনটি সন্তান রয়েছে। সংসারে আয়ের নির্ভরযোগ্য কোনো উৎস না থাকায় চিকিৎসা ব্যয়ের টাকা জোগাড় করতে তারা চরম সংকটে পড়েছেন।
এ অবস্থায় মানবিক সহায়তার জন্য দেশ-বিদেশের সহৃদয় ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে পরিবারটি।

সহায়তা করতে আগ্রহীরা পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এই নম্বরে: ০১৭৬৮৬০৬৪৯৫।
পরিবারের সদস্যরা বলেন, “মানবিক কারণে কেউ যদি পাশে দাঁড়ান, তাহলে হেলেনুর বেগমের জীবন বাঁচানো সম্ভব হতে পারে।” তারা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।