মাহবুব হাসান | স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পীকার ও ডেপুটি স্পীকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের নিকট শপথ গ্রহণ করেন নবনির্বাচিত স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি (ভোলা-২) এবং ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি (নেত্রকোণা-১)।

এর আগে জাতীয় সংসদের অধিবেশনের কার্যক্রম পরিচালনার জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হন ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপি। তাঁর সভাপতিত্বে বাংলাদেশের সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পীকার ও ডেপুটি স্পীকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৮ ও ৯ অনুযায়ী চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি স্পীকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নাম প্রস্তাব করেন এবং রকিবুল ইসলাম, এমপি প্রস্তাবটি সমর্থন করেন।
অন্যদিকে ডেপুটি স্পীকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি এবং প্রস্তাবটি সমর্থন করেন এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), এমপি।
পরবর্তীতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বাংলাদেশের সংবিধানের ১৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী নবনির্বাচিত স্পীকার ও ডেপুটি স্পীকারকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেন।
নতুন স্পীকার ও ডেপুটি স্পীকার দায়িত্ব গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা হলো।