কামাল খান | সিলেট প্রতিনিধিঃ 

সিলেট জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ড. চৌধুরী মো. যাবের সাদেক। তাঁর যোগদানের মাধ্যমে সিলেট জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে দায়িত্ব গ্রহণের পর তিনি সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সিলেট রেঞ্জ পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) মুহাম্মদ শরিফুল ইসলাম, পিপিএম এবং সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনঅর্থ) মো. রাসেলুর রহমান।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, সিলেট জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। পাশাপাশি এ লক্ষ্যে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা ও আস্থার মাধ্যমে সিলেটকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলায় পরিণত করার লক্ষ্যে কাজ করা হবে।