মোঃ আলম | লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামে গৃহবধূ ঝুমুর আক্তারের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় নতুন করে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর নিহতের পরিবার আদালতে মামলা দায়ের করলেও এখনো পর্যন্ত মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ তারিখে মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের গৃহবধূ ঝুমুর আক্তারের রহস্যজনক মৃত্যু ঘটে। ঘটনার পরপরই বিষয়টি আত্মহত্যা বলে প্রচার করা হলেও শুরু থেকেই নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে।
ঘটনার পাঁচ দিন পর নিহতের মা সেতারা বেগম বাদী হয়ে লালমনিরহাট জেলা আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় ৬ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন—মোঃ রবিউল ইসলাম (৩৪), রমিচা বেগম (৫২), মোঃ সোলেমান আলী, মোছাঃ জয়তুন নেছা (৪০), মোঃ আসাদুল (মেম্বার) এবং রুস্তম মোহুরী।
নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ঝুমুর আক্তারের পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের। পরিবারের সদস্যরা জানান, তাদের বাড়ি ঘটনাস্থল থেকে দূরে হওয়ায় দ্রুত সেখানে পৌঁছাতে পারেননি। এই সুযোগেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে তারা মনে করছেন।
মামলার আইনজীবী অ্যাডভোকেট রাসেল সিদ্দিকী বলেন, ভুক্তভোগী পরিবারকে ন্যায়বিচার পাইয়ে দিতে তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন। তবে স্থানীয়দের অভিযোগ, মামলার আসামিরা এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও হতাশা সৃষ্টি করছে।
এদিকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঝুমুর আক্তারের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হোক এবং ঘটনার সঠিক বিচার নিশ্চিত করা হোক।