মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের এক মেধাবী কলেজছাত্রী দুই কিডনি নষ্ট হয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। জীবন বাঁচাতে কিডনি প্রতিস্থাপনের জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহায়তা কামনা করেছেন তিনি ও তার পরিবার।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়া ১নং কলোনীর মৃত মঈনুদ্দিনের বড় মেয়ে মিম খাতুন (২৬) দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। চিকিৎসকদের মতে, তার দুইটি কিডনিই প্রায় বিকল হয়ে গেছে। বর্তমানে তিনি নিয়মিত ডায়ালাইসিস নিচ্ছেন এবং দ্রুত কিডনি প্রতিস্থাপন না করলে তার জীবন ঝুঁকির মুখে পড়বে।
মিম খাতুন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করার পর নবাবগঞ্জ সরকারি কলেজে বাংলা বিভাগে অনার্সে ভর্তি হন এবং ২০২৫ সালে সাফল্যের সাথে অনার্স সম্পন্ন করেন। তার স্বপ্ন ছিল উচ্চশিক্ষা গ্রহণ করে ভালো চাকরি করে পরিবারের দায়িত্ব নেওয়ার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে হঠাৎ করেই কিডনি রোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। ফলে অসুস্থতার কারণে মিম আর মাস্টার্সে ভর্তি হতে পারেননি।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে মিমের বাবা মঈনুদ্দিন মারা যান। এরপর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে তার মা দুলারী বেগমের ওপর। তিনি গৃহিণী হওয়ার পাশাপাশি কাগজের প্যাকেট তৈরি এবং বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে কোনরকমে সংসার চালিয়ে যাচ্ছেন।
মিমের ছোট বোন বর্ষা জানান, স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও কিছু মানবিক মানুষের সহযোগিতায় বর্তমানে রাজশাহীতে তার ডায়ালাইসিস করানো হচ্ছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, স্থায়ীভাবে সুস্থ হতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। কিন্তু এর জন্য বিপুল পরিমাণ অর্থ দরকার, যা তাদের পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।
মিমের মা দুলারী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েকে বাঁচাতে অনেক টাকা দরকার। আমি গরিব মানুষ, এত টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আমার মেয়ের জন্য সহায়তার আবেদন করছি।”
মিম খাতুনকে বাঁচাতে সমাজের মানবিক ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার। সামান্য সহায়তাই ফিরিয়ে দিতে পারে একটি তরুণ জীবনের আশা এবং একটি অসহায় পরিবারের স্বপ্ন।
আর্থিক সহায়তা পাঠানোর জন্য অ্যাকাউন্ট নম্বর: ৪৭০২৭০৯০০১৫৫১, সোনালী ব্যাংক লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জ শাখা।
মোবাইল নম্বর: ০১৮৫৭২৬৫২১৪।