মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাব-৫ এর মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল কাফ রিলিফ (Kuf Relief) মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার (৯ মার্চ) রাতে শিবগঞ্জ পৌরসভার জালমাছমারী শহরাতলা এলাকায় একটি আমবাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাব নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ এলাকায় র্যাবের একটি আভিযানিক দল টহল ও মাদকবিরোধী অভিযান চালায়।
সন্ধ্যা প্রায় ৭টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জালমাছমারী শহরাতলা এলাকায় একটি আমবাগানের ভেতরে মাদক কেনাবেচা চলছে। পরে র্যাবের দলটি ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রাত প্রায় ৮টা ৩০ মিনিটে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির মালিকানাধীন আমবাগান থেকে ৩০ বোতল কাফ রিলিফ মাদকসহ তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী কলোনী এলাকার মো. এনতাজ আলীর ছেলে হেলিম (২৬), হাদু মিয়ার ছেলে ফয়সাল (২০) এবং মো. শরিফুল ইসলামের ছেলে মো. দেলোয়ার। তাদের সবার বাড়ি একই এলাকায় বলে জানা গেছে।
র্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।